৩ মাসে ৭০ লাখ করোনা কনটেন্ট মুছেছে ফেসবুক

১৩ আগষ্ট, ২০২০ ১৩:৪৯  
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭০ লাখ করোনাভাইরাসসংক্রান্ত ভুয়া তথ্য সরিয়ে ফেলার কথা বলেছে ফেসবুক। এর মধ্যে করোনাসংক্রান্ত ভুয়া প্রতিরোধী পদক্ষেপ, অতিরঞ্জিত করোনা সারানোর ওষুধের মতো পোস্টও ছিল। ষষ্ঠ কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্টের অংশ হিসেবে এই তথ্য প্রকাশ করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। প্ল্যাটফর্মে কনটেন্ট পর্যালোচনায় পদক্ষেপের ঘাটতির কারণে সমালোচনার মুখে বাড়তি নীতিমালা যোগ করে ২০১৮ সালে এই কমিউনিটি স্ট্যান্ডার্ডস এনফোর্সমেন্ট রিপোর্ট চালু করে ফেসবুক। প্রতিবেদনে ফেসবুক বলেছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে ঘৃণ্য বক্তব্য হিসেবে ২ কোটি ২৫ লাখ কনটেন্ট সরানো হয়েছে। এই সংখ্যা বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ৯৬ লাখ বেশি কনটেন্ট। এটাকে ঘৃণ্য কনটেন্ট শনাক্তকরণ ব্যবস্থার উন্নতির বলে দাবি সোশ্যাল মিডিয়া জায়ান্টের। ফেসবুকের দাবি, তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ৮৭ লাখ কনটেন্ট সরিয়েছে, যা বছরের প্রথম প্রান্তিকে ছিল ৬৩ লাখ।